লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় আরবি পড়াতে গিয়ে মো: শাহীন(৪৫) নামে এক জামায়াত নেতার বিরুদ্ধে এক শিশুকে বলাৎকারের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়।
রোববার(২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের ৬ নং ওয়ার্ডের প্রফেসার পাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত জামায়াত নেতা মো: শাহীন সিঙ্গিমারী ইউনিয়নের ৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামী-র সভাপতি ও ওই এলাকার মৃত সাহাবুদ্দিনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় দুইটি শিশুকে আরবী পড়াতেন জামায়াত নেতা শাহীন। রোববার রাতে কৌশলে এক শিশুকে বাথরুমে নিয়ে গিয়ে বলাৎকারের চেষ্টা করেন শাহীন। ওই শিশুর চিৎকারে বাড়ির লোকজন দেখে ফেলে তাকে আটক করে। পরে খবর পেয়ে জামায়াত নেতা শাহীনের পরিবারের লোকজন দলবল নিয়ে ওই বাড়িতে গিয়ে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনার পর থেকে ওই জামায়াত নেতা পালাতক রয়েছে।
শাহীনের পরিবারের দাবী, জমি নিয়ে বিরোধের জের ধরে জামায়াত নেতা শাহীনকে ফাঁসাতে বলাৎকারের চেষ্টার নাটক সাজানো হয়েছে।এ বিষয়ে ওই শিশুর পরিবার জানায় এই শাহীন প্রায় এ ধরনের ঘটনা ঘটিয়েছে। এ ধরনের ঘটনার জন্য কয়েকটি মসজিদ থাকে সাজাও দিয়েছেন। আমরা এই শাহীনের উপযুক্ত বিচার চাই।
সিঙ্গিমারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ফজলে করিম বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। খোঁজখবর নিয়ে বলতে পারবেন। জামায়াত নেতা মো: শাহীন পলাতক থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন-নবী বলেন, বিষয়টি লোকমুখে শুনেছি। তবে কেউ কোনো অভিযোগ করে নাই। অভিযোগ পেলে তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।