https://www.a1news24.com
১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৪

চলতি বছরে যে পাঁচ ঢাকাই সিনেমা ছিল আলোচনার শীর্ষে

বিনোদন ডেস্ক: ২০২৫ সালে ঢালিউড ইন্ডাস্ট্রি ছিল নানা দিক থেকে উত্তেজনায় ভরপুর। চলতি বছরটি শেষ হওয়ার পথে এবং এ সময়টিতে ঢাকাই সিনেমায় যা ঘটেছে তা নিঃসন্দেহে নজর কাড়ার মতো। ঈদ সিনেমাগুলোর বাইরে বছরের অন্যান্য সিনেমাগুলো অনেকটা বাণিজ্যিক সাফল্য এবং আলোচনার দিক থেকে ম্লান হলেও, কিছু সিনেমা সবার নজর কেড়েছে। বিশেষ করে নতুন মুখের অভিষেক এবং কিছু চমকপ্রদ পারফরম্যান্স এ বছর ঢালিউডকে আলোচিত করেছে।

চলতি বছরে বাণিজ্যিক চলচ্চিত্রে অভিষেক হয়েছে ছোট পর্দার জনপ্রিয় দুই অভিনেত্রী-তাসনিয়া ফারিণ এবং সাবিলা নূর। সাবিলা নূর শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো বড় পর্দায় অভিষেক ঘটিয়েছেন, আর তাসনিয়া ফারিণ শরীফুল রাজের সঙ্গে তার প্রথম সিনেমায়ই দর্শকদের হৃদয় জিতে নিয়েছেন।

এছাড়া, সংগীতশিল্পী বালামেরও অভিনয়ে আগমন ঢালিউডে একটা নতুন দিক দেখিয়েছে। তার অভিনয়ের কারণে সিনেমাপ্রেমীদের মধ্যে একটা বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। এক কথায়, ২০২৫ সাল ঢালিউডের জন্য ছিল নানা ধরনের সাফল্য-ব্যর্থতার মিশ্রণ, নতুন মুখের অভিষেক এবং সাহসী অভিনয় আর পারফরম্যান্সের ক্ষেত্রে এক বিশেষ বছর।

এবারে ঢালিউডের কিছু আলোচিত সিনেমা নিয়ে একটি বিশেষ পর্যালোচনা:

ঈদুল আজহায় মুক্তি পাওয়া পারিবারিক গল্পের সিনেমা ‘উৎসব’ অল্প সময়েই দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নেয়। তানিম নূর নির্মিত এই সিনেমাটি ছিল বছরের অন্যতম ব্যবসাসফল ছবি। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, আফসানা মিমি, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামালসহ একঝাঁক তারকা।

জংলি
ঈদুল ফিতরে মুক্তি পাওয়া এম রাহিম পরিচালিত ‘জংলি’ ছিল বাণিজ্যিকভাবে সফল একটি সিনেমা। এতে অভিনয় করেন সিয়াম আহমেদ, শবনম বুবলী, দীঘি, শহীদুজ্জামান সেলিম ও রাশেদ মামুন অপু। গল্প ও উপস্থাপনায় সিনেমাটি দর্শকদের নজর কাড়ে।

বরবাদ
ঈদুল ফিতরে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘বরবাদ’ ছিল বছরের সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর একটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ১৫ কোটি টাকার বাজেটের এই সিনেমায় শাকিবের বিপরীতে ছিলেন কলকাতার ইধিকা পাল। শাকিব খানের লুক, অ্যাকশন ও অভিনয় দর্শকদের মুগ্ধ করে। বিশেষ করে সিনেমার জনপ্রিয় সংলাপ ‘জিল্লু মাল দে’ সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

দাগি
আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমাটি চলতি বছরে দর্শকের কাছ থেকে দারুণ সাড়া পায়। নিশোর বিপরীতে ছিলেন তমা মির্জা ও সুনেরাহ বিনতে কামাল। এর আগে ‘সুড়ঙ্গ’ দিয়ে বাজিমাত করা নিশো এই সিনেমার মাধ্যমেও তার জনপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হন।

তাণ্ডব
রায়হান রাফী নির্মিত ‘তাণ্ডব’ সিনেমাটি মুক্তির পর থেকেই ব্যাপক আলোচনায় ছিল। শাকিব খানের সঙ্গে এই সিনেমায় অভিনয় করেন জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী ও ফজলুর রহমান বাবু। শক্তিশালী অভিনয় ও গল্পের কারণে সিনেমাটি দর্শকমহলে আলাদা আগ্রহ তৈরি করে।

চলতি বছরে মুক্তি পাওয়া ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমাটিও দর্শকের প্রশংসা কুড়ায়। অপরাধমূলক থ্রিলারধর্মী এই ছবিতে প্রধান চরিত্রে ছিলেন আজমেরী হক বাঁধন।অন্যদিকে ‘ইনসাফ’ সিনেমার মাধ্যমে বাণিজ্যিক চলচ্চিত্রে অভিষেক হয় তাসনিয়া ফারিণের। শরীফুল রাজের বিপরীতে গ্ল্যামার ও অভিনয়ে নজর কাড়েন তিনি।

বছরের শেষদিকে আলোচনায় আসে মোহাম্মদ তাওকীর ইসলামের প্রথম চলচ্চিত্র ‘দেলুপি’। পাশাপাশি ওটিটিতে মুক্তি পাওয়া রায়হান রাফী পরিচালিত ‘নূর’ সিনেমায় আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশীর রসায়ন দর্শকদের মুগ্ধ করে।

আরো..