অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃ কুড়িগ্রামের দুধখাওয়া গ্রামের এক গৃহবধূকে শশুরবাড়ির লোকজন অমানবিক নির্যাতন করার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ করে আসামীদের গ্রেফতারের দাবি জানিয়েছে সংশ্লিষ্ট এলাকাবাসী।
জানা গেছে, কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার টগরাইহাট দুধখাওয়া গ্রামের রফিকুল ইসলাম তার প্রথম স্ত্রী ঝর্ণা বেগম ও সন্তানদেরকে রেখে ঢাকায় চলে যায়। সেখানে রফিকুল দ্বিতীয় বিয়ে করার পর পরিবারের লোকজন দিয়ে তার ১ম স্ত্রী ঝর্ণা বেগমের উপর অমানবিক নির্যাতন চালাতে থাকে। এক পর্যায়ে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে এলাকাবাসী কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করায়।
এঘটনার প্রতিবাদে ১০ আগষ্ট’২৫ রোববার সকালে কুড়িগ্রাম-রাজারহাট সড়কের টগরাইহাট নামক স্থানে মানববন্ধন ও অবরোধ সৃষ্টি করে। এক পর্যায়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে মানববন্ধনকারী জনতার সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, উক্ত গৃহবধূ নির্যাতনের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।