বিনোদন ডেস্ক: চার দেয়ালের মাঝে বন্দী শাকিব খান। বিমর্ষ চেহারা, ছোট ছোট চুল, গায়ে ময়লা বাদামী রঙের জামা, পরনে নীল প্যান্ট; যেখানে ধুলোবালি লেগে আছে। তার হাত, পা কিংবা চেহারায় ময়লা এবং নির্যাতনের ছাপ! চোখে মুখে রাজ্যের ক্ষুধা! স্টিলের প্লেটে খাবার খাচ্ছেন আর কাঁদছেন!
রোববার (২০ জুলাই) দুপুর থেকে ফেসবুকের নানা প্রোফাইল, সিনেমা-সংশ্লিষ্ট পেজ ও গ্রুপে শেয়ার হতে থাকে শাকিব খানের এমন একটি ছবি। ছবিটি এসেছে এবারের ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমা থেকে। দৃশ্যটি সিনেমার একটি স্যাড সিকোয়েন্সের, যেখানে শাকিব খানকে বন্দী অবস্থায় ভাত খেতে দেখা যায়। ক্লান্ত চেহারা, মুখে কষ্টের ছাপ ও চোখে পানি- ছবিটি শেয়ার করে অনেকেই তার অভিনয়ের প্রতি মনোযোগ ও পেশাদারিত্বের প্রশংসা করছেন।
গ্ল্যামারার্স তারকা ইমেজ ভেঙে গেল ঈদুল আযহায় এমন গেটআপে ‘তাণ্ডব’ সিনেমায় হাজির হয়েছিলেন শাকিব। যে লুকে তাকে পুরোপুরি অভিনেতা হিসেবে দেখা গিয়েছিল। রায়হান রাফী পরিচালিত শাহরিয়ার শাকিল প্রযোজিত ‘তাণ্ডব’ যারাই দেখেছেন, তারাই শাকিবের দুর্দান্ত অভিনয়ের তারিফ করেছেন।
ঢালিউডের নির্মাতা ও বিনোদন অঙ্গনের বিভিন্ন পেশার মানুষ ছবিটি শেয়ার করে শাকিব খানের প্রশংসা করেছেন। নির্মাতা দেবাশীষ বিশ্বাস ছবিটি শেয়ার করে তার ফেসবুকে লিখেছেন, ‘আপনি বেঁচে থাকুন! শতবর্ষী হোন! আপনার মাধ্যমে বাংলাদেশি সিনেমা বেঁচে থাকুক।’
‘বরবাদ’খ্যাত নির্মাতা মেহেদী হাসান লিখেছেন, ‘যখন শাকিব খান পর্দায় থাকেন, তখন সেটা অভিনয় নয়, তা একপ্রকার আধিপত্য। তার উপস্থিতিতে পর্দা নিজেই নতি স্বীকার করে। স্যালুট আমাদের মেগাস্টার শাকিব খানকে!’
চলচ্চিত্র সমালোচক আমিনুল ইসলাম শাওন লিখেছেন, ‘শাকিব খান আসলে শুধুমাত্র একজন অভিনেতাই না, হি ইজ দ্য গড অব অল এক্টর্স। হি ইজ দ্য আল্টিমেট মেগাস্টার অফ সাব কন্টিনেন্ট। তোমরা হিন্দি ছবির কথিত নায়কদের নিয়ে মাতামাতি করতে পারো, বরং আমি তাদেরকে বলবো শাকিব কে দেখে শেখো। ৩০ দিনে ছবি শেষ করার পরেও এমন নিখুত পারফরম্যান্স কে করতে পারবে? শাকিব খানকে নিয়ে গর্বিত হওয়াটাই গর্বের বিষয়। শাকিব খান অনবদ্য।’
এমডি রাফী নামে আরেকজন লিখেছেন, ‘এই লেভেলের অভিনয় কি সবাই পারে? যতবার দেখি, ততবার অবাক হই একজন মানুষ কতটা ডেডিকেটেড হলে এমন পারফরম্যান্স দেওয়া সম্ভব! উনার প্রতিটা দৃশ্যে যে আত্মনিয়োগ, তা যেন একেকটা জীবন্ত মুহূর্ত! এমন ন্যাচারাল অভিনয়, ইমোশন ক্যারি করা এটা শুধু অভিজ্ঞতা নয়, এটা একপ্রকার শিল্প!’
মোহাম্মদ মাহিম নামে একজন লিখেছেন, ‘প্রতিটি চরিত্রে যার চোখেই কথা বলে, মুখে থাকে গল্প, আর শরীরী ভাষায় থাকে এক অনন্য ক্যারিশমা তাকেই বলে ‘বর্ন অ্যাক্টর’, শাকিব খান তেমনই একজন অভিনেতা।’
শিউলি রায় লিখেছেন, ‘ওনার ফ্যান ছিলাম কিন্তু উনি এখন যেসব সিনেমা করছে, তার ফ্যান হতে বাধ্য হয়েছি।’
ঈদে মাল্টিপ্লেক্সে ২৮টি শো দিয়ে যাত্রা শুরু করে ‘তাণ্ডব’। এ ছাড়া শতাধিক সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটি মুক্তি পায়। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী। এতে অভিনয় করেছেন শাকিব খান, সাবিলা নূর, জয়া আহসান, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত প্রমুখ।
‘তাণ্ডব’ প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহপ্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি।