স্পোর্টস ডেস্ক: নোভাক জকোভিচ টেনিস ইতিহাসে আরেকটি মাইলফলক ছুঁলেন। গত পরশু জেনেভা ওপেনের ফাইনালে হুবার্ট হুরকাচকে হারিয়ে ক্যারিয়ারের ১০০তম একক শিরোপা জিতেছেন বিশ্বের অন্যতম সফল এই সার্ভিয়ান টেনিস তারকা। এ পুরস্কার হাতে নিয়ে কোর্টে দাঁড়ানো জকোভিচের পেছনে জেনেভায় উড়েছিল সোনালি রঙের তিনটি বেলুন-যাতে লেখা ছিল ‘১-০-০’।
শততম শিরোপা জয় উদযাপন এমনটাই হওয়ার কথা। এবার তার লক্ষ্য ফ্রেঞ্চ ওপেন যা শুরু হয়েছে গতকাল রোববার থেকে। এ টুর্নামেন্টের প্রথম পর্বের ম্যাচে আগামীকাল প্যারিসের ক্লে কোর্টে নামবে জকোভিচ। যেখানে তার প্রতিপক্ষ হিসেবে থাকবেন যুক্তরাষ্ট্রের ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ড। শনিবার জেনেভা টেনিস ক্লাবের ক্লে কোর্টের ফাইনালে পোলিশ টেনিস তারকা হুবার্ট হুরকাজের বিপক্ষে তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই রোমাঞ্চকর লড়াইয়ে জকোভিচ জয় পান ৫-৭, ৭-৬ (৭-২), ৭-৬ (৭-২) সেটে।
এতে করে তিনি জিমি কনর্স (১০৯) ও রজার ফেদেরার (১০৩)-এর পর তৃতীয় খেলোয়াড় হিসেবে ওপেন যুগে শততম শিরোপা জয়ী হিসেবে ইতিহাসের পাতায় নিজের নাম তুলেছেন। যদিও এই কীর্তিতে নিজের নাম তিনি তুলতে পারতেন আরো আগেই। তবে গেল কয়েক মাসে টানা দুই ফাইনালে হেরে গিয়েছিলেন জকোভিচ। তাতেই ৯ মাস অপেক্ষা করতে হয়েছে তাকে। সর্বশেষ জিতেছিলেন ৯৯তম শিরোপা প্যারিস অলিম্পিকে রোলাঁ গ্যারোয়েতে।
গেল ২২ মে ৩৮ বছরে পা দিয়েছেন জকোভিচ। তার দুই দিন পর এমন এক সাফল্য আরো বিশেষ হয়ে ওঠে যখন গ্যালারিতে থাকেন স্ত্রী, সন্তান ও প্রিয় আত্মীয়রা। সুইজারল্যান্ডের জেনেভায় থাকেন জকোভিচের মামা-মামি ও কয়েক জন কাজিন, যাদের মধ্যে একজন সম্প্রতি মা হয়েছেন। পরিবারের সঙ্গে সময় কাটাতে এবং নবজাতককে দেখতে দেরিতে ওয়াইল্ড কার্ড নিয়ে এই টুর্নামেন্টে অংশ নেন তিনি। আর তারপরই করলেন বাজিমাত, পূরণ করলেন ক্যারিয়ারের শততম ট্রফি। পাশাপাশি জেনোভার ক্লে কোর্টেও এটি সার্ভিয়ান এ তারকার প্রথম ট্রফি। ফাইনাল শেষে জকোভিচ বলেন, ‘আমি কৃতজ্ঞ যে, এই শহরে আমার শততম জয় এসেছে। এর জন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে, এটা নিশ্চিত।’
এদিকে জকোভিচ ওপেন যুগে প্রথম খেলোয়াড় হিসেবে ২০টি আলাদা মৌসুমে অন্তত একটি করে শিরোপা জয়ের কীর্তিও গড়েছেন-এ শিরোপা জয়ের মধ্য দিয়ে। ২০০৬ সালের জুলাইয়ে নেদারল্যান্ডসের আমার্সফোর্টে নিজের প্রথম শিরোপা জিতেছিলেন তিনি, ক্লে কোর্টেই। সেই ম্যাচে তার প্রতিপক্ষ ছিলেন চিলির নিকোলাস ম্যাসু, যে কিনা বর্তমানে হুরকাজের কোচ যার বিপক্ষে শততম শিরোপা জিতেছেন জকোভিচ।