অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে মজিদুল ইসলাম (২৬) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এ ঘটনাটি ঘটে ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামে। নিহত যুবক ওই গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে।
নিহত যুবক দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন বলে জানায়, তার পরিবার ও প্রতিবেশীরা। জানা যায়, ঢাকায় গার্মেন্টসে কর্মরত অবস্থায় মজিদুল সিলেটের হবিগঞ্জের মেয়ে ইয়াসমিনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে পারিবারিক ভাবে ৬ থেকে ৭ বছর পূর্বে বিয়ে হয় তাদের। মাত্র তিন শতক জমিতে মা,স্ত্রী ও সন্তানকে নিয়ে তার সংসার ছোট্ট । নিহতের ঘরে চার বছর বয়সী ছেলে সন্তানও রয়েছে। কিন্তু নিহত মসজিদুল বাড়ীতে প্রায় সময় মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ত এবং কোন কারণ ছাড়াই বাড়ীর জিনিসপত্র ভাংচুর সহ পরিবারের সদস্যদের উপর অত্যাচার চালাতো।
মৃত যুবকের মা মন্জু বেওয়া জানান, মানসিক ভারসাম্যহীন ছেলেটাকে ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে বাড়ীতে রেখে ছাগলের ঘাস সংগ্রহ করতে যাই। এরপর বিকালে বাড়ীতে ফিরে ঘরে ঢুকতে ছেলের মরদেহ আঁড়ার সাথে ঝুলতে দেখে চিৎকার দেই। পরে প্রতিবেশিরা ছুঁটে আসেন। পরে প্রতিবেশিরা ফুলবাড়ী থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, এ ব্যাপারে নিহতের পরিবার থানায় একটি ইউডি মামলা করেছে।