অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলা পুলিশের গত ২৪ ঘন্টা নাশকতা বিরোধী বিশেষ অভিযানে জেলার ভূরুঙ্গামারী উপজেলায় অস্থিতিশীলতা সৃষ্টি,পতিত ফ্যাসিস্ট আওয়ামিলীগ সরকারের সময়কালে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার সাথে জড়িত থেকে সাধারন নাগরিকদের ওপর অত্যাচারকারী ভূরুঙ্গামারী শিলখুড়ি ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি, ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ইউনিয়ন সভাপতি, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সহযোগী এবং দুর্ধর্ষ সন্ত্রাসী আসামি মোঃ নুরুল ইসলাম (৪৬) কে গ্রেফতার করে ভূরুঙ্গামারী থানা পুলিশ। জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর, সে দীর্ঘদিন পলাতক থাকার পর এলাকায় এলে ছাত্র-জনতা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।
অন্যদিকে কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও জয়বাংলা ব্রিগেডের এর সক্রিয় সদস্য, পতিত ফ্যাসিস্ট সরকারের সহযোগী, দুর্ধর্ষ সন্ত্রাসী মোঃ জাহাঙ্গীর আলম (৩৮) কে গ্রেফতার করে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত ফ্যাসিস্ট জাহাঙ্গীর আলম ও তার সহোযোগিরা গত ২/৩ মাস পূর্বে জয়বাংলা ব্রিগেড নামে সংগঠন তৈরী করে বিভিন্ন নাশকতার পরিকল্পনা করে আসছিলো। কুড়িগ্রাম জেলা পুলিশ তাদের তালিকাভুক্ত করে গ্রেফতার অভিযান অব্যাহত রাখায় দীর্ঘদিন পলাতক থাকার পর ১২ জুলাই’২৫ কুড়িগ্রাম সদর থেকে তাকে গ্রেফতার করা হয়।
এদিকে জেলার চর রাজিবপুর উপজেলার পতিত ফ্যাসিস্ট সরকারের উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ওরফে মুকুল (৫৫) কে গ্রেফতার করে রাজিবপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত রফিককুল পতিত আওয়ামিলীগ সরকারের সময়কালে রাজিবপুর উপজেলায় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছিলো এবং দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে গ্রেফতার করতে সক্ষম হয় রাজিবপুর থানা পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় চলমান নাশকতা বিরোধী বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের মোট ০৩ জন ফ্যাসিস্টকে কুড়িগ্রাম জেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন মামলায় গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। এই অভিযান অব্যাহত থাকবে।