কাউখালী(পিরোজপুর)সংবাদদাতা: পিরোজপুরের কাউখালীর বেকুটিয়ায় কঁচা নদীয় ওপর নির্মিত অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী বেকুটিয়া সেতুর রেলিং পিকআপ ভ্যান এর ধাক্কায় ভেঙে নিচে পড়ে গেছে। মঙ্গলবার (৩০সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি বরিশাল থেকে পিরোজপুরে যাবার পথে অতিরিক্ত গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ফুটপাত অতিক্রম করে রেলিংয়ে ধাক্কা দেয়। এতে সেতুর বেকুটিয়া প্রান্তের রেলিংয়ের একটি অংশ ভেঙে নিচে পড়ে যায় ও সেতুর একপাশ সাময়িকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তবে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, প্রায়ই এই সেতুর ওপর ভারী যানবাহনের বেপরোয়া চলাচল দেখা যায়। দ্রুততগতির কারণে এ ধরনের দুর্ঘটনা অহরহ ঘটছে।
ঘটনার পরপরই পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভেঙে যাওয়া রেলিং সংস্কার কাজ সাথে সাথে শুরু করা হয়েছে।আপাতত অস্থায়ীভাবে বেষ্টনী দেওয়া হবে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।’
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সোলায়মান জানান, এ ঘটনায় কাউখালী থানায় একটি মামলা দায়ের হয়েছে।পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। উল্লেখ্য,২০২২ সালের ৪ সেপ্টেম্বর বাংলাদেশ-চীন ৮ম মৈত্রী বেকুটিয়া সেতুটি উদ্ধোধন করা হয়। ৮৯৪ দশমিক শূন্য আট কোটি টাকা ব্যয় করে এক হাজার ৪৯৩ মিটার দৈর্ঘ্যরে এবং ১৩ দশমিক ৪০ মিটার প্রস্থের এই পিসি বক্স গার্ডার সেতুটির নির্মাণ করা হয়। চীন সরকার এই সেতুটি নির্মাণে ৬৫৪ দশমিক ৮০ কোটি টাকা প্রকল্প সাহায্য প্রদান করেছে এবং বাংলাদেশ সরকার ব্যয় করেছে ২৩৯ দশমিক ৮০ কোটি টাকা। প্রতিদিন হাজার হাজার গাড়ি ঢাকা,বরিশাল,খুলনাসহ দেশের বিভিন্ন প্রান্তে চলাচল করে।
বিকেল হলেই সেতুর উপর হাজার হাজার দর্শণার্তী বিভিন্ন জেলা উপজেলা থেকে ভীড় করেন। একমাত্র বিনোদন স্পর্ট হিসেবে পরিচিত এই সেতুটি। প্রায় আড়াই মাস আগে গুরুত্বপূর্ণ ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী বেকুটিয়া সেতুর প্রায় ৪০০ মিটার বৈদ্যুতিক তার চুরি হয়ে গেছে। এতে করে সেতুর কাউখালী প্রান্তের প্রায় এক কিলোমিটার অংশে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে, ফলে চলাচলকারীরা পড়েছেন চরম ঝুঁকিতে।মেরামতের কোন উদ্যোগ নেই। স্থানীয়রা জানিয়েছেন, অন্ধকারে সেতু পারাপার এখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে রাতের বেলায় ছিনতাই ও ডাকাতির আশঙ্কা করছেন যাত্রী ও চালকেরা। ইতোমধ্যে ঘটনাটি নিয়ে এলাকার মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।