নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় মিলন হোসেন (৪৪) নামে এক প্রতারকের নিকট থেকে অর্ধ শতাধিক নারীর জাতীয় পরিচয় পত্র (এনআইডি) ফটোকপি ও ছবি উদ্ধার করা হয়েছে। ফ্যামিলি কার্ড দেয়ার নামে ৫২জন নারীর নিকট থেকে এসব জাতীয় পরিচয় পত্র ও ছবি সংগ্রহ করা হয়। মিলন হোসেন (৪৪) উপজেলার কেরালকাতা ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে একাধিক মহিলাদের নিকট থেকে অভিযোগ পেয়ে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ অভিযুক্ত মিলন হোসেনের বাড়ি যেয়ে তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ৫২টি ছবিসহ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ফিরিয়ে দেন। এসময় অভিযোগ দেয়া মহিলারা উপস্থিত ছিলেন।
স্থানীয় মহিলাদের অভিযোগ, ফ্যামিলি কার্ড করে দিবে বলে সম্প্রতি মিলন হোসেন তাদের নিকট থেকে বিভিন্ন অংকের টাকা, ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে যায়।স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জানান, একাধিক মহিলার নিকট থেকে খবর পেয়ে শনিবার সকালে মিলনের বাড়িতে যেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে সে ৫২টি ছবিসহ এনআইডি কার্ডেও ফটোকপি বের করে দেয় এবং এসময় সে স্বীকার করে ফ্যামিলি কার্ড দেবে বলে এগুলি নিয়েছে। তিনি আরো বলেন, মিলন হোসেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ কর্মি এবং প্রতারক চরিত্রের। এরআগে মাদকসহ বিভিন্ন মামলার আসামি ও কারাগারে ছিলো।
উপস্থিত হেলাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার জানান, আমরা তাকে পুলিশে সোপর্দ করতে চাইলেও স্থানীয় মানুষের অনুরোধে তার পরিবারের জিম্মায় রেখে আসা হয়েছে। তবে, এঘটনায় বিএনপি নেতা জহুরুল ইসলাম বাদী হয়ে কলারোয়া থানায় একটি অবিযোগ দায়ের করেছেন।
কেরালকাতা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোনিয়া লায়লা বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতারক মিলন হোসেন এর আগেও এলাকায় বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহিন জানান, আমরা একটা অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হচ্ছে।