https://www.a1news24.com
১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪৩

 এমন হাল ম্যান ইউনাইটেডের, খেলতে নামলেই লজ্জায় লাল

স্পোর্টস ডেস্ক: গতকাল রাতে সত্যিকার অর্থেই রেড ডেভিল হয়ে উঠেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচে খেলোয়াড়দের রেটিং অনুযায়ী রঙ থাকে। ভালো পারফরম্যান্স করলে সবুজ, মোটামুটি হলে হলুদ আর খারাপ করলে লাল। ইউনাইটেড একাদশের ১১ জনের রেটিংই ছিল লাল!

অবশ্য যে পারফরম্যান্স দেখিয়েছে ইউনাইটেড, তাতে এটাই প্রাপ্য। গতকাল লিগ কাপে ইংলিশ ফুটবলের চতুর্থ স্তরের ক্লাব গ্রিমসবাই টাউনের বিপক্ষে ম্যাচ খেলতে নেমেছিল ইউনাইটেড। নির্ধারিত সময়ের খেলা ২-২ সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। দীর্ঘ শুটআউট শেষে ১২-১১ ব্যবধানে হেরে যায় ইংলিশ প্রিমিয়ার লিগের এক সময়কার সফলতম দল। গতকালের আগে তাদের দীর্ঘ ইতিহাসে কখনো চতুর্থ স্তরের কোনো ক্লাবের কাছে হারেনি ইউনাইটেড।

ম্যাচের আগে ইউনাইটেড কোচ রুবেন আমোরিম বলেছিলেন, তাঁর দল এবার ইউরোপা খেলছে না, এটা ভালো দিক। কারণ, দল গোছানোর সময় দরকার। গতকাল আমোরিম দেখিয়ে দিয়েছেন, তাঁর দল ইউরোপ দূরে থাক, ইংলিশ ফুটবলের টুর্নামেন্টে খেলার যোগ্যও নয়।

এমন না যে টাইব্রেকারে ভাগ্য পরীক্ষায় হেরেছে ইউনাইটেড। ক্লিথর্পস এর ব্লান্ডেল পার্কে গতকাল শুরুটা স্বাগতিক দলই করেছে। ১৯৪৮ সালের পর প্রথম দেখা দুই দলের। ৮ হাজার ৬৪৭ সমর্থকের সামনে ৩০ মিনিটের মধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে যায় গ্রিমসবাই টাউন। ২২ মিনিটে চার্লস ভেরনামের পর টাইরেল ওয়ারেন ৩০ মিনিটে গ্যালারিতে উন্মাদনা ছড়িয়ে দেন।

সে দুই গোল শোধ দিতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে ইউনাইটেডকে। ৭৫ মিনিটে বদলি নামা ব্রায়ান এমবুয়েমো ব্যবধান কমান। ৮৯ মিনিটে আরেক বদলি ম্যাসন মাউন্টের কাছ থেকে বল পেয়ে সমতা ফেরান হ্যারি ম্যাগুয়ার।

এরপর দীর্ঘ এক পেনাল্টি শুটআউট হয়েছে। দুই দলের ১১জন খেলোয়াড়কেই নিতে হয়েছে শট। প্রথম দফায় গ্রিমসবাইয়ের তৃতীয় শট নিতে যাওয়া ক্লার্ক অডুর মিস করেন। ইউনাইটেডের পঞ্চম শট নিতে যাওয়া ম্যাথিয়াস কুনিয়াও শট মিস করেন।

১১ শট শেষে ১০-১০ সমতা থাকায় আবার নতুন করে শট নেওয়া শুরু হয়। ব্রুনো ফার্নান্দেস নিজের শট ঠিকভাবে নিলেও দ্বিতীয় শট নিতে যাওয়া এমবুয়েমো মিস করেন এবার। তাতে মৌসুম শুরু হতে না হতেই একটি টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে ইউনাইটেড।

গত মৌসুমে প্রিমিয়ার লিগ ইতিহাসে ইউনাইটেডের সর্বনিম্ন অবস্থানের (১৫) রেকর্ড গড়েছিলেন আমোরিম। এ মৌসুমেও শুরুটা ভালো হয়নি। প্রথম ম্যাচে আর্সেনালের কাছে হারের পর ফুলহামের বিপক্ষে ড্র করেছে। এতে দুই ম্যাচ শেষে লিগে ১৬তম স্থানে রেড ডেভিলরা। এরপর গতকালের নতুন লজ্জার রেকর্ড।

ম্যাচ শেষে সহজ স্বীকারোক্তি করেছেন আমোরিম, ‘সেরা দলই জিতেছে, একমাত্র দল যেটা মাঠে ছিল। আমরা ম্যাচে একেবারেই ছিলাম না।’

আরো..