বিনোদন ডেস্ক: মার্কিন অর্থলগ্নিকারী ও দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন–সংক্রান্ত নতুন নথি প্রকাশের পর তোলপাড় চলছে বিশ্বজুড়ে। এই প্রেক্ষাপটে নড়েচড়ে বসেছে বলিউডও। কারণ, নতুন নথিতে বলিউড নির্মাতা ও ভারতীয় বংশোদ্ভূত মার্কিন লেখক ও আধ্যাত্মিক চিন্তাবিদ দীপক চোপড়ার নাম আছে বলে দাবি করা হচ্ছে। জেফ্রি এপস্টেইন–সংক্রান্ত নথি প্রকাশের পর প্রতিক্রিয়া জানাচ্ছেন বলিউড তারকারা। এক্ষেত্রে আলাদা নজর কেড়েছে অভিনেত্রী কঙ্গনা রনৌত, কণ্ঠশিল্পী চিন্ময়ী শ্রিপাদা ও স্বরা ভাস্করের বক্তব্য।
সম্প্রতি এই ফাইল প্রকাশ করেছে আমেরিকার বিচার বিভাগ। পূর্বপ্রকাশিত ফাইলগুলোর মতো নতুন ফাইলেও অনেক বিশিষ্টজনের নাম রয়েছে। ইলন মাস্ক, বিল গেটস, ভারতীয় নির্মাতা মীরা নায়ারসহ অনেকেই রয়েছেন এই তালিকায়। সেই ফাইলে নাকি অনুরাগকে ‘বলিউড গাই’ বলে উল্লেখ করা হয়েছে।
সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামের এক স্টোরিতে কঙ্গনা লেখেন, ‘অপরাধ সব জায়গায় হয়। তবে এখানে অপরাধকেই আলাদা করে দেখানো হচ্ছে। ছোটবেলা থেকে যে শিল্পীদের দেখেছি, জেনেছি-তারা কীভাবে এমন অপরাধের সঙ্গে যুক্ত থাকতে পারেন?’
এদিকে চিন্ময়ী লেখেন, ‘এপস্টেইন ফাইলসে দীপক চোপড়া। ভাবছি, এরপর আরও কত প্রভাবশালী ভারতীয়ের নাম প্রকাশ পাবো।’
পরে আরেকটি পোস্টে তিনি যৌন নির্যাতনের হাজারো ভুক্তভোগীর বক্তব্যকে এতদিন অবিশ্বাস করার সংস্কৃতির কড়া সমালোচনা করেন। চিন্ময়ীর ভাষায়, ‘একজন মৃত মানুষের নথি না দেখা পর্যন্ত হাজার জীবিত নারীর কথা মানুষ বিশ্বাস করে না-এটাই বলে দেয়, কার কণ্ঠস্বরকে মূল্য দেওয়া হয় আর কারটা দেওয়া হয় না।’
অভিনেত্রী স্বরা ভাস্কর এক্সে লেখেন, এই নথিগুলো প্রকাশ পাওয়ার পর তার মানসিক অবস্থা ‘বিস্ফোরিত’ হয়ে যাচ্ছে। তিনি ক্ষমতা, অর্থ ও জবাবহীনতার ভয়াবহ দিক নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
এছাড়া বিগ বস ১৯–এর প্রতিযোগী মালতি চাহারও এপস্টেইন ফাইলসকে ‘অমানবিক ও ভীষণ বিরক্তিকর’ বলে মন্তব্য করেন। সূত্র: হিন্দুস্থান টাইমস