https://www.a1news24.com
৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:২৩

এনসিপির অনুরোধে শহীদ মিনার ছেড়ে দিল ছাত্রদল, ধন্যবাদ জানিয়ে যা বললেন সারজিস

নিজস্ব প্রতিবেদক: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশ করার প্রস্তুতি নিয়েছিল জাতীয়তাবাদী ছাত্রদল। কিন্তু একইদিনে একই ভ্যানুতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কর্মসূচি করার কথা জানায়। পরে তাদের পক্ষ থেকে অনুরোধ করা হলে ছাত্রদলের পক্ষ থেকে কর্মসূচির দিন সময় ঠিক রেখে স্থান পরিবর্তন করে শাহবাগে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (৩০ জুলাই) ছাত্রদল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

ছাত্রদলের পূর্বঘোষিত কর্মসূচি শহীদ মিনার থেকে সরিয়ে শাহবাগ মোড়ে করার সিদ্ধান্ত নেওয়ায় ধন্যবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (৩০ জুলাই) দুপুরে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ফেসবুক পোস্টে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, আমাদের অনুরোধের প্রেক্ষিতে পূর্বঘোষিত সমাবেশের স্থান পরিবর্তন করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।

সারজিস আলম বলেন, আমরা বিশ্বাস করি, পারস্পরিক সৌহার্দ্য ও সহাবস্থানের মধ্য দিয়ে এভাবেই আগামী বাংলাদেশে জনগণের কাঙ্ক্ষিত গণতন্ত্রের উত্তরণ ঘটবে।

সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ২০২৫ সালের জুলাই মাস শুরুর পূর্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সর্বাধিক শহীদের সংগঠন ছাত্রদল। এই অভ্যুত্থানের অন্যতম নেতৃত্বদানকারী সংগঠন হিসেবে জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণ, শহীদ ও আহতদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, সকল অংশীজনদের অবদানের স্বীকৃতি ও ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার দীর্ঘ ধারাবাহিক লড়াইয়ের বীরোচিত বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আমরা মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করি। এই পূর্বঘোষিত ধারাবাহিক কর্মসূচিগুলোর মাঝে গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি ছিল ৩ আগস্টে কেন্দ্রীয় শহীদ মিনারে- ছাত্র সমাবেশ। জুন মাসেই ঘোষিত এই কর্মসূচিটি পালনের জন্য আমরা ২২ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের বরাবর লিখিত আবেদন করি। আবেদনের প্রেক্ষিতে গত ২৬ জুন আমাদেরকে ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্র সমাবেশের অনুমতি দেওয়া হয়।

ছাত্রদল সভাপতি বলেন, ছাত্রদলের কর্মসূচি ঘোষণার কয়েকদিনের মাঝে জাতীয় নাগরিক পার্টিও একইদিনে একই স্থানে সমাবেশ করার কথা আমরা প্রথমে গণমাধ্যম মারফত অবগত হই। পরবর্তীতে নাগরিক পার্টির নেতৃবৃন্দ ব্যক্তিগতভাবে বারবার আমাদের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করে সমাবেশের স্থান পরিবর্তনের অনুরোধ জানান। এই বিষয়ে আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথেও তারা যোগাযোগ করেন।

‘এ ধরনের একটি কর্মসূচি ঘোষণা করার পর, সকল প্রস্তুতি সম্পন্ন করার পর কর্মসূচিটি ভিন্ন কোনো স্থানে সরিয়ে নেওয়া খুবই বিব্রতকর ও কষ্টসাধ্য একটি কাজ। কর্মদিবসে আমাদের কর্মসূচির কারণে যেন কোনো জনভোগান্তি তৈরি না হয়, সমাবেশটি শহীদ মিনারে করতে চাওয়ার এটিও ছিল একটি অন্যতম কারণ। তাছাড়া আমরাই যেহেতু কর্মসূচিটি প্রথমে ঘোষণা করি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতিও লাভ করি, তাই ওই স্থানে সমাবেশ করার আমরাই একমাত্র বৈধ দাবিদার।’

কর্মসূচির স্থান পরিবর্তনের কথা জানিয়ে রাকিব বলেন, তারপরেও একটি উদার, গণতান্ত্রিক, সহাবস্থানে বিশ্বাসী, পরমতসহিষ্ণু, গ্রহণযোগ্য সকল মত ও পথের প্রতি শ্রদ্ধাশীল সংগঠন হিসেবে আমরা জাতীয় নাগরিক পার্টির অনুরোধকে বিবেচনায় নিয়ে আমাদের ছাত্র সমাবেশের স্থানটি পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের ৩ আগস্টের সমাবেশটি সেদিন শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে অনুষ্ঠিত হবে। একান্তই উদারনৈতিক রাজনৈতিক অবস্থানের প্রতিফলন হিসেবে এই স্থান পরিবর্তনের কারণে রাজধানীর ব্যস্ত সড়কে যদি কোনোরূপ ভোগান্তি তৈরি হয়, এই অনিচ্ছাকৃত সমস্যার জন্য আমরা নগরবাসীর নিকট অগ্রীম দুঃখ প্রকাশ করছি। আশা করছি তারা এই দিনটির তাৎপর্য ও আমাদের স্থান পরিবর্তনের উদারতাকে অবশ্যই তাদের বিবেচনায় রাখবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, সিনিয়র যুগ্ম-সাধারণ সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান প্রমুখ।

আরো..