https://www.a1news24.com
১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৯

এক ম্যাচ দুই ভেন্যুতে খেলা নিয়ে যা বললেন ভুটান ও বাংলাদেশ দলের কোচ

স্পোর্টস ডেস্ক: সারা বিশ্বের ফুটবল ইতিহাসে এমন নজির খুব কমই দেখা গেছে যে একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে দুই ভিন্ন ভেন্যুতে। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে সেই বিরল ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ। কিংস অ্যারেনায় মঙ্গলবার (১৫ জুলাই) বাংলাদেশ-ভুটান ম্যাচটির দ্বিতীয়ার্ধ অনুষ্ঠিত হয়েছে একই ভেন্যুর পাশের অনুশীলন মাঠে। মাঝখানে প্রায় পৌনে তিন ঘণ্টার বিরতি। শেষ পর্যন্ত ভুটানকে ৪-১ গোলে হারিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিক বাংলাদেশ।

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। তবে মাঠে পানি জমে খেলা সম্ভব না হওয়ায় বিশ্রামের সময়টা বাড়তে থাকে। পরে আয়োজকেরা সিদ্ধান্ত নেন, দ্বিতীয়ার্ধ অনুশীলন মাঠে আয়োজনের। এমন সিদ্ধান্তে পরিবর্তন আসে পুরো ম্যাচ ব্যবস্থাপনাতেই। আন্তর্জাতিক ম্যাচে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলন বাধ্যতামূলক হলেও, পরিস্থিতির কারণে তা হয়নি। অবশ্য এক ঘণ্টা পর দুই দলের কোচদের প্রতিক্রিয়া সংবাদমাধ্যমে পাঠানো হয়।

ঘটনাটি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান কোচ পিটার বাটলার। তিনি বলেন,‘এটা খেলোয়াড়দের জন্য মোটেও ভালো নয়, বিশেষ করে যারা এই অঞ্চলের ফুটবলের উন্নয়নে কাজ করছে। ম্যাচ শুরুর আগেই আমি ম্যাচ অফিসিয়ালদের বলেছিলাম এই মাঠ খেলোয়াড়দের জন্য ঝুঁকিপূর্ণ।’ দুই অর্ধে দুই মাঠে খেলার বিষয়টি কোচিংয়ের ক্ষেত্রেও একটি বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি,‘বিশ্বের যেকোনো কোচের জন্য এমন পরিস্থিতিতে পরিকল্পনা করা কঠিন।’**

দ্বিতীয়ার্ধ শুরুর পর ভুটান সমতায় ফেরে। কিন্তু এরপরই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তিন গোল করে জয় নিশ্চিত করে। হ্যাটট্রিক করা শান্তি মারডির প্রশংসায় ভাসান কোচ বাটলার,‘এই পরিস্থিতির মধ্যেও মেয়েরা দুর্দান্ত খেলেছে। যেখানে ১০ মিটার দূরেও বল ঠেলা কঠিন, সেখানে শান্তি মারডি অসাধারণ পারফরম্যান্স করেছে। উমহেলা অ্যাটাকিং থার্ডে ভালো পাস দিয়েছে। আজকের ম্যাচ অনেকের জন্য নতুন অভিজ্ঞতা ছিল।’

প্রতিপক্ষ ভুটানের কোচ তানিকা মায়া দুই অর্ধে দুই মাঠে খেলার বিষয়টি নিয়ে বলেন,‘দুই দলের জন্যই এটা মানিয়ে নেওয়া কঠিন ছিল। আয়োজকদের বলব একই মাঠে ম্যাচ আয়োজন করা উচিত।’ তবে ৩ গোলের ব্যবধানে হার সত্ত্বেও দলের খেলায় সন্তুষ্ট তিনি,‘আমাদের একটি গোল হয়েছে। মেয়েরা ভালো খেলেছে। আমরা এই টুর্নামেন্টে উন্নতি করতে এবং শিখতে এসেছি।’

আরো..