https://www.a1news24.com
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪০

উপদেষ্টা আসিফ নজরুলের নেতৃত্বে সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনা কমিটি

অনলাইন ডেস্ক: সরকারি চাকরিজীবীদের আন্দোলনের মুখে আলোচিত ‘সরকারি চাকরি অধ্যাদেশ’ পর্যালোচনা করতে উচ্চ পর্যাযের কমিটি করেছে সরকার। আইন উপদেষ্টা আসিফ নজরুলকে আহ্বায়ক করে তিন সদস্যের এ কমিটি করা হয়েছে, যাতে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ সদস্য হিসেবে রয়েছেন।

বুধবার (৪ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। কমিটিকে চাকরি অধ্যাদেশ জারির ফলে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা এবং আন্দোলনরত সংগঠনগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে শিগগির সুপারিশ দিতে বলা হয়েছে।

এ কমিটিকে সাচিবিক সহায়তা দেওয়ার জন্য তিনজন সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন- ভূমি সচিব, গৃহায়ণ ও গণপূর্ত সচিব এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব। কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্য নিতে পারবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে গত ২৪ মে থেকে ১০ দিনের বেশি সময় ধরে আন্দোলন করছেন সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। বিক্ষোভ, কর্মবিরতি ও স্মারকলিপি দেওয়ার মতো কর্মসূচি পালন করছেন আন্দোলনকারী কর্মচারীরা।

অধ্যাদেশকে ‘কালো আইন’ আখ্যা দিয়ে বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের আন্দোলনকারী কর্মচারীরা। ঈদের পর তাঁরা কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন।

আরো..