https://www.a1news24.com
৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১৯

উপকূলের শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান ও প্রযুক্তিতে আগ্রহ বাড়াতে খুলনায় স্টেম ফেস্ট

রূপসা, খুলনা, বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫: মোটর এবং সার্কিট নিয়ে কাজ করতে ভালো লাগে রূপসার নৈহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা আক্তার শাহনাজ এর। কোড দেয়ার পর মোটর কারটি যখন ট্র্যাক অনুযায়ী চলতে শুরু করল, ফাতেমার চোখে মুখে তখন বিশ্বজয়ের আনন্দ। এদিকে কমরেড রতনসেন কলেজিয়েট গার্লস হাইস্কুলের নবম শ্রেণীর মাইশা ও তার সহপাঠীরা স্ক্র্যাচ দিয়ে প্রোগ্রামিং এর সবকটি সমস্যার সমাধান করতে পেরে তুমুল আনন্দিত।

শুধু ফাতেমা ও মাইশা নয়, তাদের মত খুলনার রূপসা উপজেলা ছয়টি মাধ্যমিক বিদ্যালয়ের আরো প্রায় দুইশতাধিক মেয়ে শিক্ষার্থী বিজ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী আইডিয়া নিয়ে অংশ নেয় এবারের স্টেম ফেস্টে। স্টেম এন্ড আইসিটি স্কিলস ফর দ্যা গার্লস অফ কোস্টাল এরিয়া প্রকল্পের আওতায় নৈহাটি মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হল এই স্টেম ফেস্ট যেখানে দিনব্যাপী প্রোগ্রামিং কন্টেস্ট, বিজ্ঞান ভিত্তিক প্রকল্প প্রদর্শণী, উদ্ভাবনী আইডিয়া নিয়ে পোস্টার উপস্থাপনা, রোবটিক্স প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত অংশগ্রহণ দেখা যায়।

শিক্ষার্থীদের মধ্যে বাস্তবিক সমস্যা সমাধানে প্রযুক্তি ও বিজ্ঞানকে কাজে লাগানোর মনোভাব সৃষ্টি ও প্রযুক্তির কর্মক্ষেত্রের জন্য দক্ষ হয়ে গড়ে তোলার লক্ষ্যে ২০২৩ সাল থেকে রূপসার মেয়ে শিক্ষার্থীদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালাসহ বিভিন্ন আয়োজন করে আসছে প্রকল্পটি। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের প্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী কাজে উৎসাহ দিতে আয়োজিত হল এই স্টেম ফেস্ট।

ঘরে তৈরী পানি পরিশোধন যন্ত্র, অটোমেটিক সেন্সর লাইট, সাসটেইনএবল স্মার্ট সিটি, সেফ হোম, গ্লোবাল ওয়ার্মিং, সেফ এনভায়রনমেন্ট সহ প্রায় ১৮টি প্রকল্প এবং ৩০টি পোস্টার উপস্থাপন করছে শিক্ষার্থীরা। এছাড়াও রোবটিক্স এ লাইন ফলোয়িং রোবট তৈরী ও চালনা সহ স্ক্র্যাচ প্রোগ্রামিং কন্টেস্টে এ অংশগ্রহণ করে তারা।

প্রকল্প ব্যবস্থাপক শাখিরা আফরোজ এর পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় প্রতিনিধি ও অন্যানের মাঝে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু, বিদ্যানুরাগী সুখেন রায়, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এর নির্বাহী সদস্য নাসির খান সৈকত প্রমুখ।

শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও পোস্টার পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “গণিতকে চিত্তাকর্ষক করে শিক্ষার্থীদের মাঝে উপস্থাপন করতে পারলে প্রযুক্তিতেও উপকূলের মেয়েরা দক্ষ হয়ে উঠবে। নিয়মিত চর্চার মাঝে থাকলে শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার পথ তৈরী হবে”। সমাপনী পর্বে উৎসবে ৫টি বিভাগের বিজয়ী শিক্ষার্থীদেরকে মেডেলসহ পুরস্কার তুলে দেন অতিথিরা।

মালালা ফান্ডের পৃষ্ঠপোষকতায় এই ফেস্ট আয়োজন করে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।

 

আরো..