https://www.a1news24.com
৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:১৫

উদ্দেশ্যপ্রণোদিত আমার নাম ও ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে: তিশা

বিনোদন ডেস্ক: সময়মতো কর পরিশোধ না করায় চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক বাপ্পারাজ, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, সাবিলা নূর ও অভিনেতা আহমেদ শরীফসহ ২৫ জনের ব্যাংক হিসাব ফ্রিজ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

গত ১৫ জুন তাদের ব্যাংক হিসাব ফ্রিজ করার জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে। চিঠিতে এ ২৫ জনের ব্যাংক হিসাব, বকেয়া কর, টিআইএন, পাসপোর্ট নম্বর উল্লেখ করা হয়েছে।

সেই তালিকায় থাকা ‘নুসরাত ইয়াসমিন তিশা’ নামের একজনকে ঘিরে ছড়িয়েছে বিভ্রান্তি। অনেকে সেই নামকেই ধরে নেন নুসরাত ইমরোজ তিশা। কয়েকটি সংবাদমাধ্যম তার নাম উল্লেখ করে সচিত্র সংবাদ প্রকাশ করে। এমন পরিস্থিতিতে সোমবার (২৩ জুন) বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করে ব্যাপারটা খোলাসা করেছেন অভিনেত্রী নিজেই। জানিয়েছেন তিনি সব সময় নিয়ম মেনে কর দিয়ে আসছেন।

ফেসবুকে তিশা লেখেন, ‘আমি নুসরাত ইমরোজ তিশা। দুঃখের সঙ্গে জানাচ্ছি, সম্প্রতি কিছু সংবাদমাধ্যম ভিন্ন একজনের আয়কর-সংক্রান্ত তথ্যকে বিকৃতভাবে উপস্থাপন করে আমার নাম ও ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে। বিষয়টি একেবারেই মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত।’

নিয়মিত কর প্রদানের বিষয়টি জানিয়ে তিশা লেখেন, ‌‘আমি সব সময় নিয়ম মেনে কর দিয়েছি এবং একজন পেশাদার শিল্পী হিসেবে সততার সঙ্গে কাজ করি। আশা করি সাংবাদিক বন্ধুরা ভবিষ্যতে তথ্য যাচাই করে আরও দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশ করবেন।’

প্রসঙ্গত, ১৫ জুন সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ স্বাক্ষরিত এনবিআরের কর অঞ্চল-১২ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপন অনুযায়ী, আয়কর বকেয়া থাকার অভিযোগে ২৫ জনের ব্যাংক হিসাব জব্দ করার আদেশ জারি করা হয়। এই তালিকায় আছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, সাবিলা নূর, রেজাউল করিম (বাপ্পারাজ), শবনম পারভীন, পারভীন জাহান মৌসুমী, আহমেদ শরীফ ও নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান নৃত্যাঞ্চলের নাম।

আরো..