ত্যাগ, ভালোবাসা ও সৌহার্দ্যের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট জেলা বিএনপির সভাপতি ও গণমানুষের প্রিয় নেতা জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী দলীয় নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি ঈদের তাৎপর্য তুলে ধরে দেশব্যাপী শান্তি, কল্যাণ ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান। রবিবার (৮ জুন) দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলার নুরপুরস্থ আব্দুল কাইয়ুম চৌধুরীর বাসভবনে অনুষ্ঠানে তিনি এসব বলেন।
জননেতা কাইয়ুম চৌধুরী বলেন, “ঈদ শুধু আনন্দ বা উৎসব নয়, এটি ত্যাগ, ভালোবাসা ও পারস্পরিক সম্প্রীতির এক মহান উপলক্ষ। এ চেতনা আমাদের একটি মানবিক, ন্যায়ের ভিত্তিতে দাঁড়ানো গণতান্ত্রিক সমাজ গঠনের প্রেরণা জোগায়। আসুন, আমরা সবাই ঈদের এই ত্যাগের আদর্শ ধারণ করে জাতীয় ঐক্যের মাধ্যমে একটি উন্নত ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে এগিয়ে আসি।”
তিনি আরও বলেন, “বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ দাবি হলো—মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা। তাই ঈদের এই মহৎ শিক্ষা কাজে লাগিয়ে একটি সুষ্ঠু, জবাবদিহিমূলক ও জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।”
ঈদের এই শুভ মিলনমেলায় উপস্থিত ছিলেন সিলেট জেলা, উপজেলা ও থানা পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। তারা ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়েও মতবিনিময় করেন।
আলোচনা শেষে জননেতা কাইয়ুম চৌধুরী বলেন, “জাতীয় ঐক্য প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে অবিলম্বে একটি গ্রহণযোগ্য, সময়োপযোগী ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা প্রয়োজন।”
অনুষ্ঠান শেষে তিনি দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বলেন, “মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামই আগামীর পথ দেখাবে। ঈদের এই চেতনা আমাদের সেই পথচলায় শক্তি ও প্রেরণা জোগাবে।”